চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে কলশী দিঘী রোডের ৫০০ গজ এলাকার মধ্যে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুর সাড়ে ১২টায় “নিরাপদ পথ চলাচল ও দুর্ঘটনা মুক্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ প্রতিরোধ কমিটি”-এর ব্যানারে শত শত স্কুল-মাদরাসার শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক, ব্যবসায়ী ও সচেতন নাগরিক বন্দর থানাধীন কলসি দিঘী রোডের বায়তুর রিদওয়ান জামে মসজিদ সম্মুখে এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনের মূল দাবি — বক্তারা বলেন, ফ্রিপোর্ট মোড় থেকে বালুর মাঠ পর্যন্ত ৫০০ গজ রাস্তা প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যবহার করে। অথচ এই সড়কটি সংকীর্ণ এবং অবৈধ ব্যাটারিচালিত রিকশা, টমটম, এইচ পাওয়ার, মাছরাঙা গাড়ি, এমনকি দুই-স্ট্রোক সিএনজি দৌরাত্ম্যের কারণে এ এলাকায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর ফলে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিকদের জীবনের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে।
তারা আরও জানান, দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এ সড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং প্রয়োজনীয় স্পিডব্রেকার স্থাপন করতে হবে।
চাঁদাবাজি ও গ্যাং সংস্কৃতির অভিযোগ — মানববন্ধনে অভিযোগ আনা হয়, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে কিছু চাঁদাবাজ অবৈধ যানবাহন চালিয়ে প্রতিনিয়ত অর্থ আদায় করছে। প্রশাসনের নাম ভাঙিয়ে ফ্রি-পোর্ট থেকে আনন্দবাজার পর্যন্ত তিন-চার হাজার অবৈধ যান থেকে প্রতিমাসে ২০ থেকে ৩০ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, এ চক্রের সদস্যরা এলাকাবাসীকে হুমকি-ধমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এ চক্রটি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, যারা ৫ আগস্টের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত ছিল।
দুর্যোগকালে বড় ঝুঁকি — অভিযোগকারীরা বলেন, এত বিপুলসংখ্যক অবৈধ যানবাহন চলাচলের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবাদানকারী যানবাহনও মারাত্মক বাধার সম্মুখীন হয়। এতে দুর্যোগকালীন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকে যায়।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ — মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসী জোরালোভাবে দাবি জানান—কলসি দিঘী রোড় থেকে বালুর মাঠ পর্যন্ত ৫০০ গজ এলাকায় অবৈধ যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে।
স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্পিডব্রেকার স্থাপনসহ টেকসই পদক্ষেপ নিতে হবে।
চাঁদাবাজ চক্র ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নির্মূল করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তারা স্পষ্ট করে বলেন, “আমরা চাই না আর কোনো শিক্ষার্থীর জীবন ঝরে যাক অবৈধ যানবাহনের কারণে। সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে যেতে এলাকাবাসী বাধ্য হবে।”
https://slotbet.online/