মোঃ দেলোয়ার হোসেন: শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের সামনে এখন আর কোনো আইনি বাধা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়। অন্যদিকে শেখ হাসিনাও যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে ভারত তাকে প্রত্যর্পণ করতে পারে। দুই পক্ষের অবস্থান এক হলে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের আর কোনো দ্বিধা থাকা উচিত নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, অন্য কোনো বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে তাকে হস্তান্তর করা হবে, তা দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান এবং বাংলাদেশও তাকে ফেরত চায়, তাহলে প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা থাকার কোনো কারণ দেখছেন না তিনি। ভারতের উচিত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করা।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আইনি জটিলতার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, ভারত আগে আইনি জটিলতার কথা বললেও বর্তমান পরিস্থিতিতে সেই বাধা থাকার কথা নয়। বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। শেখ হাসিনা যদি নিজেও প্রত্যর্পণে সম্মতি দেন, তাহলে বিষয়টি আরও সহজ হতে পারে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে তিনি বলেন, সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না চাইত, তাহলে বারবার প্রত্যর্পণের কথা বলার প্রয়োজন হতো না। বাংলাদেশ তার অবস্থান জানিয়েছে। এখন শেখ হাসিনা চাইলে নিজের অবস্থানও স্পষ্ট করতে পারেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে উপদেষ্টা বলেন, সেখানে সংঘটিত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, থানায় হামলা ও অন্যান্য ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা হবে। পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার পর ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে পরীক্ষামূলকভাবে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে জানানো হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারবেন।
ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ৭৩টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি শুক্রবার মোট ৩৬৫ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
এ ছাড়া নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ২১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯টি প্রতিষ্ঠানকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাম্প্রতিক কার্যক্রম, গৃহীত উদ্যোগ এবং অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.