মো. শামীম হোসাইন: পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন খালাতো ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২৪) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহত ব্যক্তি হলেন একই উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত শান্তকে খুলনায় নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সুনান মাঝী ও সাজিদকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে পড়ে থাকা দুজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে এবং অন্য দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.