সুমন আহমেদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমির গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় এক নারী ও তাঁর দুই মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেরাজুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজিয়া বেগম।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজিয়া বেগম জানতে পারেন, তাঁর ক্রয়কৃত জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং গাছ কাটতে বাধা দেন। এ সময় মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫), নাজমা বেগম (৫৫) ও অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জমি থেকে ছয়টি বনজ ও ফলদ গাছ কেটে নেওয়া হচ্ছিল, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা। গাছ কাটার প্রতিবাদ করায় রাজিয়া বেগম ও তাঁর দুই মেয়েকে মারধর করা হয় এবং তাঁদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের।
রাজিয়া বেগমের বড় মেয়ে অভিযোগ করেন, হামলার সময় মেরাজুল ইসলাম তাঁকে মারধর করেন এবং তাঁর পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁকে কাপড় দিয়ে সহায়তা করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ্ব এক ব্যক্তি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে বিরোধ ও মামলা-মোকদ্দমায় জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
একই ওয়ার্ডের বাসিন্দা সখিনা বেগম (৭০) ক্ষোভ প্রকাশ করে বলেন, “জায়গা দেখতে আসলে এভাবে ৭-৮ জন মিলে রাজিয়া ও তাঁর মেয়েদের মারধর করবে, এটা কেমন কথা? দেশে কি কোনো বিচার নেই?”
ভুক্তভোগী পরিবার জানায়, জমির গাছ কেটে নেওয়ার খবর পেয়ে প্রতিবাদ করতে গিয়ে তাঁরা হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িগুলো তালাবদ্ধ দেখা যায়। স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তদের এলাকায় দেখা যাচ্ছে না।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবারের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.