ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বেড়ে যায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।
আন্তর্জাতিক জনসাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা 'ওভার দ্য কাউন্টার' অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন জরুরি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
ড. এম এ মুহিত আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা নাজমুল হোসেন বলেন, “দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরো বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.