গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জৈনসার ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. খোরশেদ আলম দেওয়ান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় দ্রুতগতির একটি পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে খোরশেদ আলমের মাথা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পাহারা ও দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী হাসপাতালে ছুটে যান। পরে তিনি আহত নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করেন। বর্তমানে খোরশেদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, আহত বিএনপি নেতা খোরশেদ আলমের দ্রুত সুস্থতা কামনায় নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে সিরাজদীখান উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল ০১৭৯৯৯৩৩৩২৯
তাং১৯-১১-২০২৬ইং
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.