মো. শামীম হোসাইন: পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় কলা ও সুপারি ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। স্থানীয়দের ভাষ্য, তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনাকে কেন্দ্র করে কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় সেই কলা ও সুপারি। এরপর তাকে শিকলবন্দি অবস্থায় গ্রাম ঘোরানো হয়।
এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ধরনের অমানবিক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধের অভিযোগে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.