মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): কুমিল্লার দেবিদ্বারে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাজী এনামুল হাসান (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় রাসেল নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াবগঞ্জ এলাকার কাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক এনামুল ওই এলাকার আবদুস ছালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এনামুলের কথাবার্তায় সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
এসআই তানভীর হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল স্বীকার করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের রাসেল নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন। পরে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিজের কাছে রেখেছিলেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আটক এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। পলাতক রাসেলের বিরুদ্ধেও ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক এনামুল ও পলাতক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে এনামুলকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.