এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের চেয়ে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ) ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) ৪৪৯ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১২৩টি, যার মধ্যে ৫ হাজার ৩০৮টি ভোট বাতিল হয় এবং ভোটদানের হার ছিল ৬৪.৭৭ শতাংশ।
ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল।
এই বিজয়ের পর ফলাফল ঘোষণার পরের দিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসভবনে যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। সাক্ষাতকালে তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং মির্জা ফয়সল আমীন পরাজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর এই ফলাফল চূড়ান্ত হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.