মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দেবিদ্বার পৌরসভার ভূষণা গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সকালে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। টিন ও কাঠের তৈরি ঘর হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ফারুক সরকারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আমজাদ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় তা আর ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনে সরকারি সহায়তার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.