এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শেষ মুহূর্তে প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনটিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন (পুরুষ ২,৫৭,২১৯, নারী ২,৫৮,৬৩০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন) এবং পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ২৮৭ জন। ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর-১৩ এসআরবি-র অধিনায়ক কর্মকর্তা জানান, মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে পরিস্থিতি বিবেচনায় ১১৫টি কেন্দ্রকে 'অধিক ঝুঁকিপূর্ণ' এবং ৭০টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচনী এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), যাদের সার্বিক সহায়তায় ৬টি মোবাইল প্যাট্রোলিং টিম, ২টি স্ট্রাইকিং রিজার্ভ দল এবং জরুরি মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তার আধুনিকতায় আকাশপথে ড্রোন নজরদারির পাশাপাশি দায়িত্বরত সদস্যদের পোশাকে থাকছে বডি ওর্ন ক্যামেরা এবং পুরো কার্যক্রম তদারকিতে চালু করা হয়েছে 'অপারেশনস কন্ট্রোল রুম' ও 'নির্বাচন সুরক্ষা অ্যাপ'।
সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য বা গুজবে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.