মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো. জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) ও সাজ্জাদ হোসেন (২৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে প্রবেশ করে। এ সময় রাত্রীকালীন পাহারায় থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের পরনের শার্ট দিয়ে মুখ ও চোখ বেঁধে গেটের গার্ড রুমে আটকে রাখে।
ডাকাতরা ফিল্ডের ভেতর থেকে হাফ ড্রাম বৈদ্যুতিক তার, একটি পানির পাম্প, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। এ সময় নাইট গার্ড মো. মোহর আলী (৬০) সহ কয়েকজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত মোহর আলীকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে ডাকাত দল একটি ট্রাকে করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বাঙ্গুরা গ্যাস ফিল্ডের (তালু বাংলাদেশ) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. এনায়েত ই মওলা খান বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বাঁধন চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রধান আসামি মো. নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত সিলভার রঙের জি করোলা প্রাইভেটকারটি (রেজি. নম্বর: ১১-৭৪৭৩) জব্দ করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গ্যাস ফিল্ডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.