
মুসলিম হক বিরল, (দিনাজপুর) দিনাজপুরের বিরলে পূনর্ভবা নদী স্বপরিবারে পারাপারের সময় এক আলু চাষীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। দুই নাতি ও তাঁর স্ত্রীকে জীবীত উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর ও দিনাজপুর সদর উপজেলার ০৯ নং আস্করপুকুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা যাওয়ার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আলুচাষী আফজাল হোসেন (৫৫) এর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইসমতারা বেগম (৪৮) এবং দুই (নাতি) মেয়ের ছেলে আলিফ (৮) ও ছেলের ছেলে সিয়াফ (৫)।
স্থানীয়রা জানায়, ডিঙি নৌকায় করে ফেরার পথে পূনর্ভবা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় আফজাল হোসেন তাঁর দুই নাতিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি দুই নাতিকে আগলে ধরে রাখেন, যাতে তারা পানিতে ডুবে না যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাঁদের সহযোগিতায় দুই নাতি ও তাঁর স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুই নাতিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টার একপর্যায়ে পানিতে ডুবে যান আফজাল হোসেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দিনাজপুর ইউনিটের সিনিয়র অফিসার ওবায়দুর রহমান এর নির্দেশনায় ফায়ার ফাইটার কাম ডুবুরী মোঃ খাদেমুল ইসলাম ও ফিরোজ জামান ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় ৪৫ মিনিট উদ্ধার কাজ পরিচালনা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পানি হতে লাশ উত্তোলন করতে সক্ষম হোন।
নিজের জীবনের মায়া ত্যাগ করে দুই নাতিকে রক্ষার আফজাল হোসেন এর প্রানপণ চেষ্টার ঘটনা এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে। পরিবারের সদস্যদের বাঁচাতে তাঁর শেষ মুহূর্তের লড়াই এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। বিকালে এ রিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে পারিবারিকভাবে জানাযা ও লাশ দাফনের প্রস্তুতি চলছিল।
স্থানীয়রা আরো জানান, ইতিপূর্বে ফায়ারসার্ভিস এর ডুবুরীদল রংপুর থেকে আসতে সময় লাগতো অনেক। আর এখন দিনাজপুরেই ডুবুরী থাকায় স্বল্প সময়েই উনাদের উদ্ধার তৎপরতা প্রশংসনীয়। আমরা চাই উপজেলা পর্যায়ে দুয়েকজন ডুবুরী রাখার ব্যবস্থা গ্রহণ করা হউক।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.