মো. শামীম হোসাইন: পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও অন্যতম সাক্ষী মানিক পশারীর (৮৭) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে, গতকাল দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হলে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয়দের তোপের মুখে পড়েন তাঁর স্বজনেরা। পরিস্থিতি বিবেচনায় পরে পুলিশের সহায়তায় মরদেহটি সেখান থেকে সরিয়ে পুলিশ লাইন্সে নেওয়া হয়।
সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার শেষে মরদেহটি পুলিশের কঠোর নিরাপত্তায় রাখা হয়। পরে রাত ১২টার দিকে সদর থানা-পুলিশ জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সহযোগিতায় মরদেহটি তাঁর বাড়িতে পৌঁছে দেয়। রাত ১টার দিকে দাফন সম্পন্ন হয়। এ সময় তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “মানিক পশারীর লাশ দাফনে পিরোজপুর জেলা জামায়াতের নেতারা এবং অঙ্গসংগঠনের কোনো নেতা কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। জামায়াতে ইসলামী লাশের রাজনীতি করে না। তাই পিরোজপুর সদর থানা-পুলিশকে পুরোপুরি সহযোগিতা করে দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও অন্যতম সাক্ষী ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি যশোর ও গোপালগঞ্জে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.