এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে অসাধু ওষুধ ব্যবসায়ী এবং সরকারস্বীকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট ও সংবাদকর্মীর ওপর হামলার ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহী অপরাধ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয় এবং অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী লুবনা ফার্মেসির স্বত্বাধিকারী কামরুল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁও কালীবাড়িস্থ বিসিডিএস ভবনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনসারুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিসিডিএস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে কামরুল হাসানসহ কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী ও স্বার্থান্বেষী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি এখনো নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, এসব অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ না হলে এবং বৈধ ব্যবসায়ীদের হয়রানি না থামলে ভবিষ্যতে ওষুধ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম ইহসান, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ওষুধ ব্যবসায়ীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে দ্রুত অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.