মো. শামীম হোসাইন:পিরোজপুরের নেছারাবাদে দুই মাস আগে ডেঙ্গুতে মাকে হারিয়েছিল শিশু অরূপ। এবার বাড়ির পাশের খাল থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। স্ত্রী ও ছোট ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ চা-দোকানি অরবিন্দু হালদারের পরিবার।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাড়ির পাশের খালে পড়ে তিন বছর বয়সী শিশু অরূপ হালদারের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের হালদার বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান অরূপের মা রিতা হালদার। স্ত্রীর মৃত্যুর পর বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। শনিবার ছেলেকে খুঁজতে গিয়ে স্ত্রীর সমাধির কাছে অরূপের জুতা দেখতে পান তিনি। পরে খালে তল্লাশি চালিয়ে ছেলের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দু হালদার পেশায় একজন চা-দোকানি। তাঁর আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ ছিল। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তাঁর স্ত্রী রিতা হালদার। প্রথমে তাঁকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়। স্ত্রীর চিকিৎসার জন্য ধারদেনা করে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি অরবিন্দু। পরে বাড়ির পাশের খালের পাড়ে স্ত্রীর সমাধি করেন তিনি।
শনিবার দুপুরে দোকান থেকে দ্রুত বাড়ি ফিরে সন্তানদের জন্য রান্না করছিলেন অরবিন্দু। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় অরূপ। একপর্যায়ে সে বাড়ির পাশের খালের পাড়ে মায়ের সমাধির কাছে যায়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে যায় শিশুটি।
ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অরবিন্দু। একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে অরূপের জুতা দেখতে পান তিনি। এরপর খালে জাল ফেলে তল্লাশি শুরু করেন। পরে ওই খাল থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈহারী ইউনিয়ন পরিষদের সদস্য প্রবীর মণ্ডল বলেন, ঘটনার দিন অরবিন্দু দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে ছেলে-মেয়ের জন্য রান্না করছিলেন বলে তিনি শুনেছেন। এ সময় তাঁর অগোচরে অরূপ বাড়ির বাইরে চলে যায়। পরে ছেলেকে খুঁজতে গিয়ে স্ত্রীর সমাধির কাছে তার জুতা দেখতে পান অরবিন্দু। এরপর খালে খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিশুটির মা দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। শনিবার দুপুরে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.