
এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকা থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের মোস্তফা কামালের বড় ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে নিজস্ব বাড়িতে বসবাস করছিলেন এবং পঞ্চগড় সদর থানার বিপরীতে তার একটি কম্পিউটার কম্পোজ ও টাইপিংয়ের দোকান রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের খালের ড্রেনে স্থানীয়রা নিথর দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ও সিআইডির (ক্রাইম সিন) টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের পর লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে ঘর থেকে বের হওয়ার পর রেজাউল আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে প্রায় ১১টার দিকে রেজাউলের ফোন থেকে তার মায়ের মোবাইলে কল আসে। ফোনের ওপাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তি রেজাউলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতের বাবা ও স্বজনরা দ্রুত পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্থানীয় অধিবাসীদের মাঝে চরম শোকের মাতম চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এটি হত্যাকাণ্ড কি না এবং মৃত্যুর সঠিক কারণ কী, তা উদঘাটনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া ও আনুষঙ্গিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.