এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুইজন নেতাসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত যে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন, যাচাই-বাছাই শেষে তাদের সবার মনোনয়নপত্রই বৈধ বলে গৃহীত হয়। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি থেকে মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের পক্ষে দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ০৮ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় আসনটি শূন্য হয়; সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের ভোটে নির্বাচিত হয়ে ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুসরণে ২২ আগস্ট নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে এই উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.