২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলা (MR) টিকাদান থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে শতভাগ টিকার আওতায় আনার লক্ষ্যে মাসব্যাপী ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকালে নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডিএসসিসি-র বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনও হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে দ্রুত টিকার আওতায় আনাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা, বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের খুঁজে বের করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ মপ-আপ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে ডিএসসিসি এলাকায় প্রায় ২ লক্ষ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের খুঁজে বের করে প্রয়োজনীয় এমআর টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, মূল ক্যাম্পেইন শুরুর পূর্বে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে ইতোমধ্যেই ৩,১১৫ জন বাদ পড়া শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২,৮৮৪ জন শিশুকে সফলতা ও নিরাপত্তার সাথে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ২৩১ জন শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলমান রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সব অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে। আপনার এলাকার কোনো শিশু যেন হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.