মো. শামীম হোসাইন: পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবন উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। এ সময় তিনি শিক্ষার্থীদের দ্রুত শ্রেণিকক্ষে পাঠানোর নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন না করার পরামর্শ দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। তাকে স্বাগত জানাতে বিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। তাদের হাতে দেওয়া হয় ফুলের থালা।
বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ না করে বাইরে অবস্থান করেন। পরে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা করেন।
এ সময় সংশ্লিষ্টদের বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দিয়ে এ ধরনের আয়োজন পছন্দ করেননি। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে না যাওয়া পর্যন্ত তিনি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবেন না বলেও জানানো হয়।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে গেলে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিতা রানী বলের সঙ্গে কথা বলেন। এ সময় ফুল দিয়ে বরণসহ এ ধরনের আয়োজন না করার পরামর্শ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “এটা কোন ধরনের কালচার? ফুল দিয়ে বরণ—এসব করবেন না। শিক্ষার্থীরা আমার জন্য দাঁড়িয়ে থেকে কেন কষ্ট করবে? এ ধরনের আয়োজন সরকারও পছন্দ করে না।”
পরে প্রতিমন্ত্রী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের উদ্বোধন করেন। একই দিনে তিনি পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন পাঁচতলা ভবনেরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.