এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের প্যাকেটজাত দুধ পান করে অন্তত ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগ উঠেছে, দুধ নষ্ট ও তিতা স্বাদের কথা অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষকদের জানালেও তারা জোর করে তা পান করতে বলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গীর মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এ ঘটনা ঘটে। পরবর্তীতে একই দুধ খেয়ে পার্শ্ববর্তী আরও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ৩৪ জনের মধ্যে মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন এবং তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছে। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, 'রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেড'-এর সরবরাহকৃত 'আরডি ইউএইচটি মিল্ক' পান করার পরপরই শিশুদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। মধুপুর বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, দুধের স্বাদ তিতা লাগায় তারা শিক্ষকদের অবহিত করেছিল। কিন্তু শিক্ষকরা তা তোয়াক্কা না করে সবাইকে শেষ করার নির্দেশ দেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত রায় জানান, বিকেল পর্যন্ত ৩৪ জন শিশু বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস, থানার ওসি বুলবুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়। শিক্ষা কর্মকর্তা জানান, বর্তমানে শিক্ষার্থীরা বিপদমুক্ত রয়েছে।
ইউএনও অঞ্জন কুমার দাস জানান, মিড ডে মিলের ব্যবহৃত ও অবশিষ্ট সব দুধের প্যাকেট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ল্যাব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.