ঢাকা,১৮ সেপ্টেম্বর,২০২৬ ইং:বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গতকাল ৬টি প্রতিষ্ঠান তাদের বিগত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে সর্বমোট ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা জমা দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তাঁর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এই তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। গতকাল ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৪ কোটি ৭৩ লক্ষ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪ কোটি ২৫ লক্ষ টাকা, সিটিব্যাংক এন.এ. ৩ কোটি টাকা, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ১ কোটি ৩১ লক্ষ টাকা, নুভিস্তা ফার্মা পিএলসি ২৭ লক্ষ টাকা, সাইনোভিয়া ফার্মা পিএলসি ৮ লক্ষ টাকা তাদের লভ্যাংশের অংশ হিসেবে জমা দিয়েছে।
চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিয়মিত লভ্যাংশের অংশ জমা দেওয়ার জন্য উপস্থিত ৬টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়। একইসাথে অন্যান্য সকল কোম্পানিকেও তাদের নির্দিষ্ট অংশ জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.