মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে মা আকলিমা আক্তারের বিরুদ্ধে। এতে সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আশরাফুল নিহত হয়েছে এবং তার ৯ বছর বয়সী সিরজাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুরা ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত আকলিমা আক্তার শাহীনের দ্বিতীয় স্ত্রী।
পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।বুধবার গভীর রাতে কলহের একপর্যায়ে আকলিমা ধারালো ছুরি দিয়ে দুই শিশুকে আঘাত করেন বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।গুরুতর জখম সিরজাতুনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সিরজাতুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে দ্রুত সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ও অভিযুক্ত মা আকলিমা আক্তারকে থানায় নিয়ে আসে।প্রাথমিক সুরতহালসহ আইনি প্রক্রিয়া শুরু করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। দুই থানার সীমানা নিয়ে একটু সমস্যা রয়েছে। সীমানা নির্ধারণ হলে এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা শুরু হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.