মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) মাদক কারবারিদের সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেছেন, মাদক কারবারিরা ব্যবসার স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বৃহস্পতিবার সকালে দেবিদ্বারের রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সবাই মিলে রুখবো মাদক, গড়বো সুস্থ সমাজ’ স্লোগানে আবেদা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
ইউএনও বলেন, কিশোরদের মাদকাসক্তি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি তাদের অপরাধ জগতের দিকে ঠেলে দিতে পারে। মাদক ও কিশোর গ্যাং থেকে সন্তানদের রক্ষায় পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান আলোচক দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। ঘর থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও জুবায়ের ইবনে মামুন।
এর আগে বেলা সাড়ে ১১টায় রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.