ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ তৈরি করাই এ মেলার মূল লক্ষ্য।
মেলা আয়োজনের প্রস্তুতি ও উদ্দেশ্য তুলে ধরে বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি এবং সচিব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে উদ্ভাবিত প্রযুক্তি ও ধারণাগুলোকে নীতি সহায়তা, বিনিয়োগ, শিল্পখাত ও বাজারের সঙ্গে যুক্ত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, মেলার মাধ্যমে উদ্ভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে একটি যৌথ প্ল্যাটফর্মে আনা হবে। এর ফলে দেশের জাতীয় উদ্ভাবন ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।
তিন দিনব্যাপী এ মেলায় উদ্ভাবক, গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, দেশি-বিদেশি এনজিও, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিনিয়োগকারী এবং বিভিন্ন সেবা ও সহায়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
মেলায় ১০০ জনের বেশি ব্যক্তি-পর্যায়ের উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে।
উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি মেলায় ৬টি প্লেনারি সেশন, ৬টি প্যারালাল সেশন ও ৫টি গোলটেবিল বৈঠকসহ মোট ১৭টি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় নীতিনির্ধারক, গবেষক, থিংক ট্যাংক, শিল্পনেতা, উন্নয়ন সহযোগী ও উদ্ভাবকরা অংশ নেবেন।
মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রদর্শিত উদ্ভাবনকে কেন্দ্র করে একটি ‘ইনোভেশন হাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে উদ্ভাবকদের নীতি সহায়তা, অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা, শিল্প অংশীদারিত্ব এবং বাজারের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে।
উদ্ভাবনের নীতিগত পরিবেশ শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (DPDT) পলিসি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। ইউএনডিপি (UNDP) টেকনিক্যাল পার্টনার এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশ নিচ্ছে।
মেলার দ্বিতীয় দিনে ‘Health Innovation for All: Expanding Access to Affordable and Inclusive Care’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। এতে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে মেলাটি বাস্তবায়ন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড।
আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে সরকার, উদ্ভাবক, শিক্ষাবিদ, শিল্পখাত, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং সম্ভাবনাময় উদ্ভাবনগুলো ধারণা থেকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.