এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনকে পুনঃমনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১১ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
মনোনয়ন ঘোষণাকালে মাওলানা আব্দুল হালিম বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবেই জামায়াতে ইসলামী সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের ঐকমত্যের ভিত্তিতেই দেলাওয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে।” সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জোট প্রার্থী বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই নির্বাচনেও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.