এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে বাঁধভাঙা আনন্দের জোয়ার। এই খবরের পর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই আনন্দে ভেসে ওঠে পুরো ঠাকুরগাঁও। খবরের পরপরই জেলা শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করা হয় এবং পুরো এলাকা জয়াধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে অত্যন্ত সৎ, দূরদর্শী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ঠাকুরগাঁওয়ের একজন সন্তান দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া শুধু একটি রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং এটি সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য এক পরম গৌরব ও আনন্দের বিষয়।"
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জেলার সাধারণ পেশাজীবী ও সর্বস্তরের মানুষের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার বাসিন্দারা আশা প্রকাশ করছেন, তাঁর এই অর্জন জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও নতুন মাত্রা যোগ করবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.