আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের পশ্চিমে ১৬ মাইল নামক স্থানে ত্রিবাস লুব্রিকেন্ট নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার মালিকের নাম তাহের বলে জানা গেছে। সেখানে মোট সাতজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
কারখানা সূত্রে জানা যায়, দুপুরে এক শ্রমিক পাউডারজাতীয় একটি কেমিক্যাল চুলায় দেওয়ার সময় অসাবধানতাবশত আগুন ধরে যায়। ওই সময় কারখানার বাকি ছয় শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। কারখানায় আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। ফলে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে কারখানার বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে আগুনে কারখানার ভেতরের প্রায় পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল চুলায় দেওয়ার সময় অসাবধানতার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.