মো. শামীম হোসাইন: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ভাসমান বাজারের ব্যতিক্রমী আয়োজন, প্রাকৃতিক সৌন্দর্য এবং পেয়ারা চাষিদের কর্মচাঞ্চল্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে মানসম্মত পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেছেন রাষ্ট্রদূত।
রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঝালকাঠির ভীমরুলী এলাকায় যান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তিনি ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন।
এ সময় রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি পেয়ারা চাষের পদ্ধতি, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। নৌকায় করে ভাসমান হাটে পেয়ারা কেনাবেচার দৃশ্যও তিনি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট সত্যিই অনন্য। এখানকার কৃষকদের কঠোর পরিশ্রম, বাজারের প্রাণচাঞ্চল্য এবং উৎপাদিত পেয়ারার গুণগত মান তাকে মুগ্ধ করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন হয়। বাংলাদেশের মানসম্মত পেয়ারা আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশি পেয়ারা যুক্তরাষ্ট্রের বাজারে আরও বড় পরিসরে প্রবেশের সুযোগ তৈরি করতে বিষয়টি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল ও নদীতে শত শত নৌকায় পেয়ারা কেনাবেচার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ভিড় করেন।
মার্কিন রাষ্ট্রদূতের ভীমরুলী সফর এবং বাংলাদেশের পেয়ারা আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে তার ইতিবাচক বক্তব্যে স্থানীয় পেয়ারা চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি সহায়তা, সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে ভীমরুলীর পেয়ারা বিশ্ববাজারে আরও বড় পরিসরে পরিচিতি লাভ করবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.