সুমন আহমেদ , নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরী প্রফেসর বজলুর রহমান কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নবীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া নবীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা নূর, নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা ডা. মো. শফিকুর রহমান বলেন, একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী বছর এ অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে, আরও জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়ভাবে আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয় ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.