আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ। এ সময় লুণ্ঠিত মোবাইল ফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় পাকা সড়কের ওপর খেজুর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় মুখোশধারী ডাকাত দল। পরে তারা মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে।
এ সময় গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম, তাৎক্ষণিকভাবে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন।
এর পর কোটচাঁদপুর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য সুরত আলী ওরফে ‘সুরত ডাকাত’কে গ্রেফতার করে। তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুরত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে ‘আলতাফ ডাকাত’কে গ্রেফতার করা হয়। এছাড়া বৃহস্পতিবার (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের স্থানীয় এজেন্ট হিসেবে পরিচিত আরিফুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সুরত আলী ও আলতাফকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, আরিফুলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.