
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেছেন, ভূমি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি কিংবা হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, "ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।" তিনি জানান, নামজারি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে সরকারি নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তাঁর কাছে এসেছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, দুর্নীতি, অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, তাঁর নাম, পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা আদায় বা গ্রহণের চেষ্টা না করেন। এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.