
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২১ জুলাই ২০২৬) সকাল ১১টায় "নবীনগর সচেতন নাগরিক সমাজ" ব্যানারে উপজেলা আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সমাবেশে বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন, মো. মহসিন মিয়া, আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকারি খাসজমি ও পতিত জমি প্রকৃত গরিব, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসন ও জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে লিজ দেওয়ার বিধান থাকলেও নবীনগরের আদালত পুকুরপাড়ের লিজ প্রদানের ক্ষেত্রে সেই নীতিমালা অনুসরণ করা হয়নি।
তাদের দাবি, আদালত পুকুরপাড়ের একটি অংশ আলমনগর গ্রামের ঠাকুর সূত্রধরের ছেলে অর্জিত সূত্রধর নিজের প্রকৃত আর্থিক অবস্থা গোপন করে লিজ নিয়েছেন। লিজের আবেদনে তিনি নিজেকে একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি নবীনগরের একজন প্রতিষ্ঠিত ফার্নিচার ব্যবসায়ী। তার একটি বড় ফার্নিচার কারখানা, একটি শোরুম, একাধিক বাড়ি রয়েছে এবং তিনি দীর্ঘদিন প্রবাসেও ছিলেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও অভিযোগ করেন, শুধু বর্তমান এই লিজ নয়, আদালত পুকুরের পূর্ব, পশ্চিম ও উত্তর পাড়ের বিভিন্ন অংশও এমন ব্যক্তিদের কাছে লিজ দেওয়া হয়েছে, যারা ইতোমধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত। ফলে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পরিবর্তে সরকারি সম্পদ প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাচ্ছে।
প্রতিবাদকারীরা বলেন, আদালত চত্বরে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় আদালতের সৌন্দর্য, পরিবেশ ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের চলাচল, আদালতের শৃঙ্খলা এবং সরকারি স্থাপনার স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে আদালত পুকুরপাড়ের অতীত ও বর্তমানের সব লিজ বাতিল, সরকারি জমি দখলমুক্ত করা এবং আদালত এলাকার পরিবেশ ও নান্দনিকতা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত অর্জিত সূত্রধর বলেন, “আমি সরকারি নিয়ম মেনেই লিজ নিয়েছি। গ্রামে আমার একটি পৈত্রিক বাড়ি রয়েছে এবং ভাড়ায় একটি ছোট দোকান আছে, তবে সেটি বাণিজ্যিক এলাকায় নয়। জীবিকার তাগিদে কিছুদিন বিদেশে ছিলাম, কিন্তু সেখানে সুবিধা করতে পারিনি। তাই পৌর সদরের বাণিজ্যিক এলাকায় একটি দোকান লিজ নিয়েছি।”
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.