আবু বক্কর সিদ্দিক স্বপন : ১৭ বছরে মাদকের কারণে ভেঙে পড়া বাংলাদেশকে গড়তে সরকার কাজ করছে। মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার, কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা মাদকের ডিলার ছিল, সেই পরিবেশ থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুন রায় চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই ভেঙে যাওয়া সমাজকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মসজিদের বয়ানে এবং মন্দিরে ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে। যাতে প্রতিটি পরিবার, প্রতিটি তরুণ মাদকের কুফল সম্পর্কে জানতে পারে।
তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থাকলে হতাশা ও মাদক থেকে দূরে থাকবে। একই সাথে শুধু বৃক্ষরোপণ নয়, নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানস্থলে পৌছে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন নিপুন রায় চৌধুরী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.