ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩০ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
একই গ্রামের চার কিশোরী একসাথে নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ ছাত্রীরা হলো— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই চারজন একসঙ্গে গ্রামের বাড়ি থেকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। যথাসময়ে তারা বাড়ি ফিরে না আসায় পরিবার ও স্বজনরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে অবশেষে রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জিডির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিখোঁজ ছাত্রীদের অবস্থান চিহ্নিত করতে এবং তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.