আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৯১টি হারানো মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ভুলবশত প্রেরিত ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
ঝিনাইদহ জেলায় অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং, বিকাশ প্রতারণা, হারানো মোবাইল উদ্ধার, ক্লুলেস হত্যাকাণ্ড, ডাকাতি, দস্যুতা এবং ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ইউনিটটি।
পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করতে সক্ষম হন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভুলবশত অন্যের কাছে পাঠানো ৩৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ৪০ জন ভুক্তভোগীকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করেছে সাইবার সেল। একই সঙ্গে নিখোঁজ চারজন ব্যক্তিকে উদ্ধার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিটটি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ মোকাবিলা এবং সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের চলমান কার্যক্রমের অংশ। জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.