পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ দুজনের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুজন বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার। তারা দুজনই মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।
আহত রিয়াজ সরদার জানান, মঙ্গলবার রাতে তিনি ও তার চাচাতো ভাই সাইফুল সরদার মধ্যরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে আওয়ামী লীগের পোস্টার লাগাতে এলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তারা দুজনই শরীরের বিভিন্ন স্থানে আহত হন।
তিনি আরও জানান, তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
আটক শেখ ইমরান শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বলে জানা গেছে।
পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের সংগঠনের একজন নেতা ও তার ভাই আহত হয়েছেন। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে জেলা যুবদল কর্মসূচি ঘোষণা করবে।”
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।”
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.