পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় নিজ ছেলে-মেয়ের জুসে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সিরাজুল শিকদার (৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে সামিয়া (৭)-কে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান।
ভুক্তভোগী ইয়াসিন জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত তৈরি করে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে।
অপরদিকে সামিয়া জানায়, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং সে পড়ে যায়। তার দাবি, শরবতের মধ্যে কিছু মিশানো ছিল।
প্রতিবেশী মো. কামরুল ইসলাম বলেন, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন বাড়ির উঠানে দুই শিশু কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
নানা আব্দুল করিম অভিযোগ করে বলেন, তার নাতি-নাতনিকে তাদের বাবা বিষ মিশ্রিত শরবত খাইয়ে হত্যার চেষ্টা করেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল শিকদার বলেন, “গত এক বছর ধরে আমি সন্তানদের দেখাশোনা করছি। আমাদের বিয়ের বয়স ২০ বছর। এক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে ঢাকায় চলে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ষড়যন্ত্র করে সন্তানদের বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.