পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দিরের পূজারি পংকজ তাওয়ারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মন্দিরের সেবায়েতরা পূজার প্রস্তুতির জন্য এসে ভেতরে ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে তারা বিষয়টি দ্রুত পুলিশকে জানায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, কালী মন্দিরে থাকা শিবঠাকুরের একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি মন্দিরে প্রণামী বাক্সে থাকা প্রায় ৫ হাজার টাকা চুরি হয়েছে। দুর্বৃত্তরা সৎকার ও পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
পিরোজপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় বলেন, ‘‘ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদ্বেগজনক।’’
পিরোজপুরে দীর্ঘদিন ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। তাই এ ঘটনাকে তিনি দুষ্কৃতকারীদের কাজ বলে উল্লেখ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.