এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লামিয়া একই এলাকার শফিকুল রহমানের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিল। এলাকাজুড়ে শিশুটির সন্ধানে মাইকিং করা হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরবর্তীতে পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে ছুটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে মোরসালিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.