এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম বাবলুকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত “অর্থ আত্মসাৎ” সংক্রান্ত সংবাদের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রাজ্জাক গ্রুপের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও জেলা শহরের আমতলার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক ম্যানেজার মো. হুমায়ুন কবির রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চেয়ারম্যানকে জড়িয়ে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ কিংবা চেক জালিয়াতির সঙ্গে জড়িত নন। প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে বিষয়টি পরিষ্কার হয়ে যেত বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, প্রকাশিত সংবাদের মধ্যে চেয়ারম্যানের যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, সেটি তার নয়। একটি মহল ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর ফলে তিনি সামাজিক, মানসিক ও দাপ্তরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদ মাধ্যমগুলোর প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই না করেই প্রকাশ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। একটি পক্ষ প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়ারম্যানকে স্বল্প সময়ের জন্য আটক করা হলেও পরবর্তীতে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান। বর্তমানে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.