আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. কামরুজ্জামান।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, শব্দ দূষণ বর্তমান সময়ের একটি গুরুতর সমস্যা, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ জরুরি। তিনি হাইড্রোলিক হর্ণ, লাউডস্পিকার ও উচ্চ শব্দে মাইকিং বন্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শব্দ দূষণ রোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.