তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ আজ বৃহস্পতিবার (২৩-৪-২০২৬) মিরপুর সেনানিসাবস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) তে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাপস্টোন ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এই কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং করপোরেট নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান সকল ফেলোকে কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানান।
এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহিত সংলাপ ও ঐকমত্য গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কোর্স চলাকালীন ফেলোদের সক্রিয়, চিন্তাশীল ও শ্রদ্ধাশীল অংশগ্রহণ কৌশলগত বোঝাপড়া সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে একটি শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের অন্যতম প্রধান কোর্স হিসেবে ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাধারা বিকাশ, আন্তঃবিষয়ক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ ও স্টাফবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.