অবহেলিত ঝিনাইদহ জেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। দায়িত্ব গ্রহণের পর জেলার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়ে জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না; তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি পর্যায়ক্রমে পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, মর্ডান মোড়, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও ‘ট’ বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে নগরবাসীর দুর্ভোগ লাঘবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষদের জন্য আধুনিক গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি অফিস এবং সাব-রেজিস্ট্রি কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র নির্মূল ও দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।
জেলার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে আবাদি জমির মাটি কাটা, ইটভাটায় মাটি বিক্রি এবং সরকারি গাছ কর্তন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ঝিনাইদহকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক জেলায় রূপ দিতে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসকের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরে পরিণত হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.