ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে মনিরুজ্জামান নামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ১৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি এবং ভারতের জলপাইগুড়ি জেলার ৮৭ নম্বর সীমান্ত পিলারের বিপরীতে চেনগাও বিওপি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে ওই সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ভারতের চেনগাও বিওপি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে কিন্তু সেই লক্ষ্যভ্রষ্ট গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য মনিরুজ্জামান গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানিয়েছেন যে, ঘটনাস্থলটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত হওয়ায় তাদের কাছে নির্দিষ্ট কোনো খবর নেই। অন্যদিকে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.