কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় একটি মাদরাসার পুরোনো দেয়াল ভাঙার সময় মর্মান্তিক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ছোট আলমপুর এলাকার কাশিফুল উলুম ক্বাওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. সিফাত রহমান (১২)। সে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাদরাসার পুরোনো একটি দেয়াল ভাঙার কাজে শিক্ষার্থীদের জোর করে ব্যবহার করা হচ্ছিল। কাজ চলাকালে হঠাৎ দেয়ালের অংশ ধসে পড়ে সিফাতের ওপর। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।
স্থানীয়দের দাবি, মাদরাসার মুহতামিম আনিছুর রহমান ও আবদুল আজিজ শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ ওই কাজ করাচ্ছিলেন। দুর্ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পরই মাদরাসার সংশ্লিষ্ট দুইজন পালিয়ে যান। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.