জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত এ রায় কার্যকর না হলে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা আরও বাড়তে পারে।
তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এ আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.