
গাজীপুরে শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে জরুরি টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, “দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে পারলে হাম-রুবেলাসহ সকল প্রতিরোধযোগ্য রোগ থেকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।” তিনি আরও বলেন, সরকার টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করা হচ্ছে। কর্মসূচিটি সফল করতে তিনি অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফ (UNICEF)-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। ১৫ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।
সম্প্রতি এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই জরুরি টিকাদান কর্মসূচিকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.