মো. শামীম হোসাইন: পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে শামীম হাসান খান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, তেলের দাম বৃদ্ধি পাবে এমন আশঙ্কায় আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স এর স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের সংকট দেখিয়ে নিজ বাসভবনের নিচে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী ওই ভবনে অভিযান চালায়। এ সময় শামীম হাসানের বাড়ি থেকে উদ্ধার করা হয় ডিজেল ১ হাজার ৬৮৩ লিটার, পেট্রল ১২০ লিটার, কেরোসিন ২৬৩ লিটার, অকটেন ১০ লিটার, যার মূল্য ২ লাখ ৫ হাজার ২শ ৬৫ টাকা।
ইউএনও আকলিমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করি। অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এই দাহ্য পদার্থ মজুত করে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.