ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
রোববার ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পীরগঞ্জ থানার একটি বিশেষ দল ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনুয়া গ্রামে অভিযানে যায়। অভিযান চলাকালীন এক আসামিকে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শহিদুল ইসলাম। মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার এই অকাল মৃত্যুতে জেলা পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।"
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সহকর্মীর এমন আকস্মিক প্রয়াণে পীরগঞ্জ থানা পুলিশ ও তার স্বজনদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.